কেটেছে একেলা বিরহের বেলা
আকাশকুসুম-চয়নে ৷
সব পথ এসে মিলে গেল শেষে
তোমার দুখানি নয়নে ৷

দেখিতে দেখিতে নূতন আলোকে
কে দিল রচিয়া ধ্যানের পুলকে
নূতন ভুবন নূতন দ্যুলোকে
মোদের মিলিত নয়নে ৷

বাহির-আকাশে মেঘ ঘিরে আসে,
এল সব তারা ঢাকিতে ৷
হারানো সে আলো আসন বিছালো
শুধু দুজনের আঁখিতে ৷

ভাষাহারা মম বিজন রোদনা
প্রকাশের লাগি করেছে সাধনা,
চিরজীবনেরি বাণীর বেদনা
মিটিল দোঁহার নয়নে ৷৷

#RabindraSangeet #RabindranathTagore #রবীন্দ্র সঙ্গীত  #গীতাঞ্জলী