চোখের আলোয় দেখেছিলেম
চোখের বাহিরে ৷
অন্তরে আজ দেখব, যখন
আলোক নাহি রে ৷৷

ধরায় যখন দাও না ধরা
হৃদয় তখন তোমায় ভরা,
এখন তোমার আপন আলোয়
তোমায় চাহি রে ৷৷

তোমায় নিয়ে খেলেছিলেম
খেলার ঘরেতে ৷
খেলার পুতুল ভেঙে গেছে
প্রলয় ঝড়েতে ৷
থাক তবে সেই কেবল খেলা,
হোক-না এখন প্রাণের মেলা-
তারের বীণা ভাঙল, হৃদয়
বীণায় গাহি রে ৷৷

#RabindraSangeet #RabindranathTagore #রবীন্দ্র সঙ্গীত  #গীতাঞ্জলী